২৫ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন

বাসস ২৫ নভেম্বর ২০২৬ · ৫ মিনিট পড়ার সময় · ৩ বার পঠিত
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে আমনের ব্যাপক ফলন

চলতি আমন মৌসুমে জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। এ মৌসুমে জেলায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। আগের মৌসুমের তুলনায় ধানের দাম মণ প্রতি ১০০ থেকে ২০০ টাকা বেশি হওয়ায় খুশি কৃষকরা।

লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার ও কীটনাশকের দাম সহনশীল থাকায় চাষাবাদে খরচ কম পড়েছে। ফলে বাজারে ন্যায্যমূল্য পাচ্ছেন চাষিরা। গতবারের চেয়ে প্রতিমণ ধানে একশ টাকা দাম বেশি। গত বছর প্রতিমণ ধান বিক্রি হয়েছে ১০০০ থেকে ১১০০ টাকায়। এবার সেই ধান বিক্রি হচ্ছে ১১০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। তবে সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে ১৪০০ টাকা। ধানের বাম্পার ফলন ও ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এরমধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর  জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করা হয় । যার উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। লক্ষ্মীপুর জেলায় ইতোমধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এবার আমনের ভালো ফলন হয়েছে। এতে চাষিরা খুবই খুশি। সার, কীটনাশকের দাম সহনশীল থাকায় প্রতি মণ ধানের পিছনে খরচ পড়েছে ১০০০ টাকা। কিন্তু বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। এছাড়া সরকার মণ প্রতি ১৪০০ টাকা দামে ধান সংগ্রহ করার যে ঘোষণা দিয়েছে, এটি বাস্তবায়িত হলে কৃষকদের জন্য আরও লাভজনক হবে।

তারা জানান, গতবারের চেয়ে বেশি দামে ধান সংগ্রহ করছে সরকার। তার সরকারিভাবে ধান বিক্রি করতে গেলে নানা শর্তের বেড়াজালে পড়তে হয় কৃষকদের। সেটা আরো সহনশীল করার আবেদন জানিয়েছেন প্রান্তিক কৃষকরা।

সদর উপজেলার চর রমণিমোহন এলাকার কৃষক আবুল বাসার, চররুহিতার তোফায়েল হোসেন এবং নুরুল হুদা জানান, এবছর সার, সেচ ও কীটনাশকের দাম সহনশীল ছিল। তা সত্ত্বেও প্রতিমণ ধান উৎপাদনে খরচ গুনতে হয়েছে ১০০০ টাকা। কিন্তু বাজারে ধানের দাম ভালো। গতবারের চেয়ে মণপ্রতি ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। সরকার কৃষকদের জন্য নানা প্রণোদনের উদ্যোগ নিয়েছে। প্রশাসন প্রকৃত কৃষকদের প্রণোদনার আওতায় আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জহির আহমেদ বাসস’কে বলেন, জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। আমন ধান কাটা শুরু হয়েছে। মাঠে ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।