মাগুরায় ৯ হাজার কৃষি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
মাগুরায় ৯ হাজার কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোতাকাব্বির আহমেদ। আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফরকালে মাগুরার কৃষকদের মধ্যে এসব কৃষি কার্ড বিতরণ করবেন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার ১৪৭ জন নতুন ও পুরনো সার ডিলারের সঙ্গে সার ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
জেলা প্রশাসক বলেন, বর্তমানে মাগুরায় সারের কোনো কৃত্রিম সংকট নেই। কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগও পাওয়া যায়নি। তবে, সার নিয়ে কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে, সে বিষয়ে ডিলারদের সতর্ক থাকতে হবে।
সরকারি নির্দেশনা মেনে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে সার বিক্রি এবং তাদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ডিলারদের নির্দেশনা দেন তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কৃষি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মাগুরার ৯ হাজার কৃষক উপকৃত হবেন।
সভায় নতুন ও পুরনো সার ডিলারদের আইনানুগ দায়িত্ব, সার সংরক্ষণ, সুষ্ঠু বিতরণ এবং সরকারি বিধিবিধান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী।
এগ্রি বার্তা প্রতিবেদক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।