৪ সেপ্টেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র

এগ্রি বার্তা প্রতিবেদক ৩ সেপ্টেম্বর ২০২৬ · ৩ মিনিট পড়ার সময় · ২০ বার পঠিত
শেয়ার করুন:
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশ কৃষিক্ষেত্রে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথ আরো প্রশস্ত হচ্ছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের পাইনার খালে রুইজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছে। এ পরিস্থিতিতে কৃষকের উৎপাদন ধরে রাখা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ জরুরি। কৃষি বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি।

কৃষকের স্বার্থ রক্ষা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে কৃষিকে আরো শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, কৃষিতে গবেষণা ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদন খরচ কমানো ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং বিদেশে খাদ্য রপ্তানিও সম্ভব হয়েছিল।
পরে সেই কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবারও খাল খনন শুরু হয়েছে। এতে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং কর্মসংস্থান বাড়বে।
তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা আরো সুদৃঢ় হবে। এ জন্য কৃষক, গবেষক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।