২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষকদের পর্যাপ্ত সহায়তা না দিলে কৃষি উৎপাদন ও বাজারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে: গভর্নর

এগ্রিবার্তা ডেস্ক ১৯ সেপ্টেম্বর ২০২৫ · ৫ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষকদের পর্যাপ্ত সহায়তা না দিলে কৃষি উৎপাদন ও বাজারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, কৃষিঋণ শুধু কৃষকদের উৎপাদনই বাড়ায় না, এটি গ্রামীণ উন্নয়ন ও ঋণগ্রহীতাদের জীবনযাত্রার মানোন্নয়নেরও অন্যতম কার্যকর সমাধান। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, কৃষির হাত ধরেই এগিয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নতি হতে পারে কৃষির মাধ্যমেই।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) আয়োজিত ‘কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘কৃষি শুধু কৃষকের জীবিকা নয়, এটি পুরো জাতির খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির মেরুদণ্ড। তাই কৃষি উদ্যোক্তাদের সহায়তা ও সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, প্রকৃত কৃষকের হাতে কৃষিঋণ পৌঁছাক, ব্যাংকিং সেবা সহজ হোক এবং ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকেরা আরও সুবিধা পান।’
ইউসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, দিনব্যাপী এ অনুষ্ঠানে কক্সবাজার জেলার প্রায় তিন শ কৃষি উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত এমডি নাবিল মোস্তাফিজুর রহমান; বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান; জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা; বিটিভির মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।

আহসান এইচ মনসুর সতর্ক করে দিয়ে বলেন, কৃষকদের পর্যাপ্ত সহায়তা না দিলে কৃষিপণ্য উৎপাদন ও বাজারব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষি উদ্যোক্তাদের জন্য পর্যাপ্ত সহায়তা ও ঋণপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি, যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, ‘আমরা দেশের সমৃদ্ধ ভবিষ্যতের জন্য কৃষির টেকসই উন্নয়ন ও কৃষি উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের বিশ্বাস, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষি উদ্যোক্তাদের জন্য আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।’

ইউসিবির এমডি ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমরা শুধু ঋণ দিয়ে দায়িত্ব শেষ করছি না। আমরা চাই উদ্যোক্তারা প্রশিক্ষণ নিয়ে সফল ও আত্মনির্ভরশীল হোক এবং দেশের অর্থনীতিতে অবদান রাখুক।’

প্রশিক্ষণে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, সফল উদ্যোক্তা হতে হলে বাজার বিশ্লেষণ, ব্যবসা পরিকল্পনা, প্রযুক্তি ব্যবহারের কৌশল এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুনির্দিষ্ট জ্ঞান থাকা জরুরি। এ ছাড়া তাঁরা ব্যাংকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা এবং আর্থিক সহায়তা পাওয়ার সুযোগগুলো কাজে লাগানোর বিষয়েও হাতে-কলমে নির্দেশনা পেয়েছেন এ প্রশিক্ষণ থেকে। অংশগ্রহণকারীরা অনেকেই বললেন, এর আগে ইউসিবির সহায়তায় তারা আধুনিক বীজ, সার কিংবা কৃষি যন্ত্রপাতি পেয়েছেন। তবে সরাসরি প্রশিক্ষণ পেয়ে এবার তারা আরও আত্মবিশ্বাসী।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।