২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভারী বর্ষণ, খুলনায় ১১০০ হেক্টর জমির ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত

এগ্রিবার্তা ডেস্ক ১৬ জুলাই ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভারী বর্ষণ, খুলনায় ১১০০ হেক্টর জমির ধান ও সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত

একটানা গুঁড়ি গুঁড়ি, হালকা ও ভারি বৃষ্টিতে আমন ধানের বীজতলা, সবজিক্ষেত, মৎস্য ঘের, নার্সারি, পুকুর, বাগান, রাস্তা ও বসতবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খুলনার এক হাজার ১শ হেক্টর জমির ধান ও সবজি আক্রান্ত হয়েছে। এর মধ্যে আউশ ধানের জমি রয়েছে ১৯২ হেক্টর ও সবজি আক্রান্ত হয়েছে ৪৫৯ হেক্টর।

 

খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘খুলনায় বর্তমানে ফসলি জমি ১৮ হাজার ৯১৭ হেক্টর। এর মধ্যে অতিবৃষ্টির কারণে প্রাথমিকভাবে আক্রান্ত ফসলি জমির পরিমাণ এক হাজার ১শ হেক্টর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির জমি ৪৫৯ হেক্টর, মরিচের জমি ২৩ হেক্টর, আউশ ধানের জমি ১৯২ হেক্টর, অফ সিজন তরমুজের জমি ২৭২ হেক্টর, পান বরজ ১০ হেক্টর, আমন বীজতলা ৬৩ হেক্টর, বোনা আমন ৭০ হেক্টর। সম্পূর্ণ ক্ষতি নির্ধারণ করার পর আর্থিক ক্ষতির হিসাব করা হবে।’

পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন জানান, কয়েক দিনের ভারী বর্ষণে অনেকে এলাকা প্লাবিত হয়ে আমন ধানের বীজতলা তলিয়ে গেছে এবং সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়নে কাজ করছেন। দ্রুত প্লাবিত এলাকার পানি সরে গেলে আমন ধানের চারার তেমন ক্ষতি হবে না।

উপজেলার সদর ইউনিয়ন গদাইপুরের কয়েকশ নার্সারি ক্ষেত পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

ওই এলাকার কৃষক সামাদ গাজী জানান, ভারী বৃষ্টিতে নার্সারি, সবজি ও ধানের ক্ষেত তলিয়ে গেছে। তার কুল, পেয়ারা ও লেবুর প্রায় তিন হাজার ছোট চারা পানির নিচে তলিয়ে আছে। বাড়ির উঠান পর্যন্ত তালিয়ে রয়েছে।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।