হারিয়ে যাচ্ছে ওষুধি গুণসম্পন্ন নিম গাছ
নিম গাছ শুধুমাত্র একটি বৃক্ষ নয়—এটি একদিকে যেমন প্রাকৃতিক চিকিৎসা, তেমনি পরিবেশ রক্ষায় এক অনন্য সহচর। অথচ, অবহেলা আর সচেতনতার অভাবে এই মূল্যবান গাছটি দিন দিন হারিয়ে যেতে বসেছে।
নিমের ইংরেজি নাম Neem, বৈজ্ঞানিক নাম Azadirachta indica এবং এটি Maliaceae পরিবারভুক্ত। দেশীয় ভাষায় একে নিম্ব, ভেপা, তামার নামেও ডাকা হয়। এটি একটি বহুবর্ষজীবী, চিরহরিৎ ওষুধি বৃক্ষ, যা সাধারণত ৪০–৫০ ফুট পর্যন্ত লম্বা হয়।
নিমের পাতা, ডাল, রস, ফল—সবই মানুষের কাজে লাগে। দাঁতের মাড়ি শক্ত করতে নিম ডাল, চর্মরোগ দূর করতে নিমপাতা, কৃমিনাশক হিসেবে নিমরস, প্রসাধন পণ্যে নিমতেল, এমনকি আসবাবপত্র তৈরি ও বায়ু পরিশোধনেও এই গাছের ব্যবহার বহুল।
নিম গাছ মাটির ক্ষয় রোধ করে, মরুময়তা ঠেকায় এবং নদীভাঙন প্রতিরোধে ভূমিকা রাখে। এর ফুলের মধু অন্যান্য ফুলের চেয়ে বেশি পুষ্টিকর ও ওষুধিগুণসম্পন্ন। তাপমাত্রা ও বৃষ্টিপাতের বিশাল রেঞ্জেও এই গাছ টিকে থাকতে পারে, ফলে বাংলাদেশের উষ্ণ-আর্দ্র জলবায়ুতে এটি সহজেই বেড়ে ওঠে।
নিম গাছ যত্ন ছাড়াই বেড়ে ওঠে। কিন্তু চাষের অনীহা, নগরায়ন, ওষুধি গাছের প্রতি অবহেলা এবং নির্বিচারে গাছ কাটা—সব মিলিয়ে নিম গাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। অথচ এই গাছ ঘুণ-প্রতিরোধী, উঁইপোকার হাত থেকে নিরাপদ, এবং বছরের পর বছর টিকে থাকতে সক্ষম।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।