কৃষি উদ্যোক্তা তৈরিতে বুড়িচংয়ে শেকৃবির প্রশিক্ষণ
কুমিল্লার বুড়িচংয়ে প্রান্তিক কৃষকদের জন্য সমন্বিত চাষাবাদ ও কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বহিরাঙ্গন বিভাগ। শনিবার, উপজেলা কৃষি অফিসের কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার এবং বুড়িচং উপজেলার কৃষি অফিসার মোছা. আফরিনা আক্তার। সভাপতিত্ব করেন শেকৃবি বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম।
বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার জানান, “এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা এখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অঞ্চলে অনেক কৃষক সফল উদ্যোক্তা হয়েছেন এবং আরও উদ্যোক্তা হতে আগ্রহী।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন বলেন, “বুড়িচংয়ের কৃষকেরা অগ্রগামী, যারা বছরে দুই থেকে তিনটি বা এমনকি চারটি ফসল চাষ করেন। তবে আবহাওয়া পরিবর্তনের কারণে আকস্মিক বন্যা এবং নতুন রোগের আবির্ভাব ঘটছে। এ বছর ২৫-৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো আকস্মিক বন্যা দেখা দিয়েছে।”
উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, “সমন্বিত কৃষি বলতে একসঙ্গে একাধিক ফসল চাষ বোঝায়। এটি অধিক ফসল উৎপাদন এবং বাজারে বিক্রি করে অধিক লাভ অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আপনারা কৃষির প্রাণ। আপনারা শিখে কাজে লাগালে অধিক ফসল উৎপাদন হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।”
এই প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের উন্নয়ন ও সাফল্যের পথে সহায়তা করবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।