২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বঙ্গোপসাগরে লঘুচাপ, আবহাওয়ার পরিবর্তন ঘটবে

এগ্রিবার্তা ডেস্ক ২১ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে লঘুচাপ, আবহাওয়ার পরিবর্তন ঘটবে

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে শীত, বৃষ্টি ও কুয়াশার সম্ভাবনা রয়েছে।

২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

২১ ডিসেম্বরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

২২ ডিসেম্বরের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে যে, আগামী পাঁচ দিনে সামান্য পরিবর্তন হতে পারে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।