এক মৌসুমে একই জমিতে দুবার আলু চাষের সম্ভাবনা
ঠাকুরগাঁও সদর উপজেলার নিমবাড়ি এলাকায় বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এসিআই সিড। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম, এবং এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর সুধীর চন্দ্র নাথ।
কৃষক মাঠ দিবসে বক্তারা জানান, বাংলাদেশ বর্তমানে আলু উৎপাদনে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে। তারা ‘এসিআই আলু ভ্যালেনসিয়া’ জাতের আলুর উৎপাদনের নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন, যা মাত্র ৫৫-৬০ দিনের মধ্যে উত্তোলনযোগ্য। এই জাতটি বছরে একই জমিতে দুইবার চাষের সুযোগ সৃষ্টি করেছে, যা কৃষকদের জন্য লাভজনক।
জানা গেছে, দেশে আলুর বাৎসরিক চাহিদা প্রায় ৮ মিলিয়ন টনের বেশি। এসিআই আলু-১০ (ভ্যালেনসিয়া) জাতটি মধ্য অক্টোবর থেকে রোপণ শুরু করে এবং নভেম্বর-ডিসেম্বর মাসে ৫৫-৬০ দিনে উত্তোলন করা যায়। ফলে কৃষকরা একই জমিতে মধ্য ডিসেম্বরে দ্বিতীয়বার রোপণ করে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আবারও আলু উত্তোলন করতে পারবেন।
বিশেষজ্ঞরা বলেন, এই পদ্ধতিতে চাষাবাদ দেশের সার্বিক খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভ্যালেনসিয়া আলুর তেল শোষণ ক্ষমতা ০.২ শতাংশ, সুগার কন্টেন্ট ৩ শতাংশ এবং ড্রাই মেটার ২১.৭ শতাংশের বেশি, যা ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য আদর্শ।
এই জাতের আলুর হেক্টর প্রতি ফলন প্রায় ৪২-৪৫ টন, এবং এটি সাধারণ তাপমাত্রায় তিন থেকে সাড়ে তিন মাস সংরক্ষণ করা যায়।
এ ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করবে এবং দেশের কৃষি খাতকে আরো শক্তিশালী করবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।