আজ থেকে কমদামে কৃষি পণ্য পাচ্ছে ২৫০০ পরিবার
চট্টগ্রামে আজ (রবিবার, ১৫ ডিসেম্বর) থেকে খোলাবাজারে কমদামে প্রতি ট্রাকে কৃষি পণ্য কিনতে পারছেন আড়াইশ পরিবার। সবমিলিয়ে দিনে কৃষি পণ্য পাচ্ছেন ২৫০০ পরিবার। খোলা ট্রাকে পেঁয়াজ ৫০ টাকা কেজি, এক ডজন ডিম ১১০ টাকা, আলু ৩০ টাকা কেজি, ১৫ টাকায় ১ কেজি পেঁপে বা ২ কেজি লাউ এবং ২০ টাকায় ১ কেজি শিম বা অন্যান্য সবজি কিনতে পারছেন নিম্ন আয়ের লোকজন।
এদিকে কমদামে ডিম, সবজি, আলু কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। বাজারে সবজি, পেঁয়াজ, ডিমের দাম স্থিতিশীল রাখতে কৃষি বিপণন অধিদপ্তরের ন্যায্যমূল্যে ট্রাকের মাধ্যমে এসব বিক্রি কার্যক্রম অব্যাহত রয়েছে।
বর্তমানে চট্টগ্রাম নগরীর ১০টি স্থানে এবং আগের মূল্য থেকে কম মূল্যে এই বিক্রি কার্যক্রম চলছে। প্রতিদিন আড়াই হাজার নিম্ন আয়ের মানুষ কমমূল্যে এসব পণ্য কিনতে পারছেন। এই কার্যক্রমের ফলে সবজি ও ডিমের দাম কমছে বাজারে। কর্মকর্তারা বলছেন বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম।
দাম সহনীয় রাখতে সরকার গত ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে প্রথমে নগরীর ১০টি স্থানে খোলা বাজারে কমমূল্যে ডিম, পেঁয়াজ, আলু ও ২/৩টি সবজি বিক্রির উদ্যেগ নেয়। ভোরে প্রতিটি ট্রাকে আইটেমগুলো সাজিয়ে রাখা হয়। পরে বিক্রয় কর্মী ও মনিটরিং অফিসার স্ব স্ব স্থানে গিয়ে বিক্রি করেন। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকে ক্রেতারা। আগে প্রতি ট্রাকে ২ শতাধিক পরিবার ন্যায্যমূল্যে এসব পণ্য কিনতে পারলেও আজ থেকে ২৫০ জন কিনতে পারছেন। এছাড়া কমানো হয়েছে পণ্যের দামও।
সরকারি কর্মকর্তারা বলছেন বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।