২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমি গত কয়েক বছর ধরে পানিবন্দি

এগ্রিবার্তা ডেস্ক ১৪ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হাজীগঞ্জে ৩৫ একর কৃষি জমি গত কয়েক বছর ধরে পানিবন্দি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার প্রায় ৩৫ একর কৃষি জমি গত কয়েক বছর ধরে পানিবন্দি অবস্থায় রয়েছে। এই কারণে স্থানীয় কৃষকরা চাষাবাদ করতে পারছেন না এবং পানি নিষ্কাশনের অভাবে তারা মাছ চাষেও বাধাগ্রস্ত হচ্ছেন। সমস্যা সমাধানের জন্য কেউ এগিয়ে না আসায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাজীগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বদরপুর উত্তর মাঠ এবং ৮ নম্বর হাটিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বলিয়া গ্রামের পশ্চিম মাঠে প্রায় ৩৫ একর আবাদি জমি পানিবন্ধী হয়ে পড়ে আছে। চারপাশে সড়ক ও জনবসতি গড়ে উঠলেও পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।

এই সমস্যার কারণ অনুসন্ধানে জানা যায়, প্রায় ৪ বছর আগে পাওয়ার গ্রিড কোম্পানির ১৩৩ কেভি গ্রিড বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের কারণে হাজীগঞ্জ কচুয়া সড়কের উপর কালভাটটি বন্ধ হয়ে যায়। এর ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকেরা বছরের পর বছর পানিবন্দি অবস্থায় রয়েছেন।

জমির মালিক ও কৃষকরা জানান, "গত ৪ বছর ধরে আমরা এখানে কোনো চাষাবাদ করতে পারিনি।" তারা আরও বলেন, "কচুরিপানা ভরে যাওয়ায় মাছ চাষের সুযোগও নেই।" স্থানীয় কৃষকরা অভিযোগ করেন যে, বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপন করে কালভাট বন্ধ করার কারণে তাদের জীবিকা বিপন্ন হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, “যদি লিখিত অভিযোগ আসে তবে বিকল্প নিষ্কাশনের ব্যবস্থা করার চেষ্টা করবো।”

স্থানীয় কৃষকদের দাবি, দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা খাদ্য সংকটে পড়বেন। তারা সরকারের কাছে সমস্যার সমাধান এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।