বেরোবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ সেমিনার ও প্রদর্শনী মেলা
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ নিয়ে সেমিনার ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতার স্মারক মাঠে এই সেমিনার ও প্রদর্শনী মেলা আয়োজন করা হয়।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. ইলিয়াশ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “দেশে একসময় হাল চাষ করা হতো, কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে এখন অনেক নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে। বিদেশ থেকে যন্ত্রপাতি আনার প্রবণতা কমিয়ে দেশের প্রতি নির্ভরশীল হয়ে উঠতে কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের উদ্ভাবনের প্রতি আগ্রহী হয়ে উঠা জরুরি। কৃষির সঙ্গে প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের কৃষি আরো উন্নত হবে। সার্টিফিকেট অর্জনই আসল শিক্ষা নয়, বরং বাস্তবিক ও প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারই উত্তম শিক্ষা।”
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং দিনাজপুর কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শামসুল হুদা। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।