শীতকালীন ফসল নিয়ে ব্যস্ত মাদারীপুরের কৃষকেরা
মাদারীপুরের কৃষকরা শীতকালীন ফসল নিয়ে ব্যস্ত সময় পার করছেন। রবি শস্যের পাশাপাশি তারা শীতকালীন সবজি উৎপাদনে মাঠে কাজ করছেন। পুরো শীতের মৌসুমজুড়ে কৃষকরা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, যার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, মুলা, লাল শাক, টমেটো, গাজর এবং করলা।
মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে এসব সবজি নিয়মিত বিক্রি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে কৃষকরা মাঠে ফসলের যত্ন নিতে ব্যস্ত রয়েছেন। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ সবজি তুলছেন এবং কেউ জমিতে নতুন ফসল বোনার প্রস্তুতি নিচ্ছেন।
সদর উপজেলার ধুরাইল এলাকার কৃষক আব্দুর রব জানান, তিনি তিন বিঘা জমিতে মরিচ, টমেটো এবং মুলা চাষ করেছেন। তিনি বলেন, “গত তিন বছর ধরে জমি লিজ নিয়ে সবজির চাষ করছি।”
আরেক কৃষক সোহরাব শেখ জানান, তিনি লাল শাক ও ধনিয়াপাতার চাষ করেন এবং চলতি বছর বৃষ্টির কারণে কিছু ফসল নষ্ট হয়েছে। তবে তিনি এখনও বাজারে বিক্রি করার জন্য ফসল তুলছেন।
শিবচর উপজেলার কৃষক মো. সুমন আহমেদ বলেন, “এ বছর অসময়ে বৃষ্টিপাতের কারণে অনেক ফসলের ক্ষতি হয়েছে, কিন্তু এখনও আমাদের ক্ষেতে শীতকালীন সবজি রয়েছে।”
উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৭শ হেক্টর জমিতে গম, ৫শ হেক্টরে ভুট্টা, ৪ হাজার ৩শ হেক্টরে সরিষা এবং ২৭শ হেক্টরে রসুন চাষ করা হয়েছে।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।