বাজারে উঠতে শুরু করেছে দেশি নতুন পেঁয়াজ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। আজ সোমবার (২ ডিসেম্বর) খুচরা বাজারে নতুন পেঁয়াজ প্রতি কেজি ৯০ টাকায় এবং পাইকারি বাজারে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পৌর বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন জানান, তিনি পাইকারি বাজার থেকে প্রতি কেজি ৮০ টাকা দরে ৩০ কেজি পেঁয়াজ কিনেছেন এবং খুচরা বাজারে ৯০ টাকায় বিক্রি করছেন। ক্রেতাদের চাহিদা ভালো বলেও তিনি উল্লেখ করেন।
ক্রেতা সাদেকুল ইসলাম বলেন, "খুচরা বাজারে ৯০ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনেছি। পুরনো পেঁয়াজের তুলনায় দাম কম হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছি।" অন্যদিকে, আব্দুস সোবহান জানান, “আড়তে দাম কম হওয়ায় আমি নতুন পেঁয়াজ ৮০ টাকা দরে এক কেজি কিনেছি এবং দাম কম হওয়ায় সন্তুষ্ট।”
এখন পুরনো দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১১০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নতুন পেঁয়াজের তুলনামূলক কম দামে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, চলতি রবি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৯ হেক্টর জমিতে। বর্তমানে ২৬ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং আগাম লাগানো পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে।
তিনি আরও বলেন, "আবহাওয়া অনুকূলে থাকায় এবং বাজারমূল্য ভালো থাকায় কৃষকরা পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন।" কৃষি অফিস নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের পরামর্শ ও সহায়তা প্রদান করছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।