২৪ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভালো দামের আশায় সিরাজগঞ্জের যমুনা চরে ব্যাপক কাঁচা মরিচ চাষ

এগ্রিবার্তা ডেস্ক ২ ডিসেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভালো দামের আশায় সিরাজগঞ্জের যমুনা চরে ব্যাপক কাঁচা মরিচ চাষ

সিরাজগঞ্জের যমুনা নদীর বালুচরে নতুন পলিমাটিতে কাঁচা মরিচের ব্যাপক চাষ শুরু হয়েছে। প্রতিবছরই এই অঞ্চলে মরিচের বাম্পার ফলন হয় এবং চলতি বছর কৃষকরা ভালো দামের আশায় আগেভাগেই মরিচ রোপণ করেছেন। স্থানীয় কৃষি বিভাগও কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর সিরাজগঞ্জে এক হাজার ৫৩০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা স্থানীয় জাত ছাড়াও বেড গোল্ড, বিজলী প্লাস এবং বালিজুরি জাতের মরিচ চাষ করছেন। ইতিমধ্যে তারা মরিচের বীজ বোপন করেছেন এবং এখন গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া চরের কৃষক আবু সাইদ জানান, মরিচের দাম বেশি হওয়ায় তারা আগে ভাগেই চাষ শুরু করেছেন। কাজিপুর উপজেলার নাটুয়াপাড়া চরের কৃষক আব্দুল হামিদও একই কারণে মরিচের চাষ করছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, "ভালো দামের আশায় চরের কৃষকরা মরিচ চাষে নেমেছেন।" সদর উপজেলায় ৬৫০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে, যার বেশিরভাগই চর এলাকায়।

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা মরিচ চাষ শুরু করেছেন। এ বছর কাজীপুর উপজেলায় ৪৪০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার বলেন, "মরিচের ভালো দাম থাকায় যমুনা চরের কৃষকরা মরিচ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।" আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় মরিচের বাম্পার ফলনের আশা প্রকাশ করেন তিনি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।