মীরসরাইয়ে ১০০ একর জমি পরিত্যক্ত হয়েছে
বর্ষা মৌসুমে অতিরিক্ত জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে মীরসরাইয়ের ১০০ একর কৃষি জমি দীর্ঘ তিন দশক ধরে আবাদের অনুপযোগী হয়ে পড়েছে। এই পরিস্থিতির ফলে মীরসরাই সদর ইউনিয়ন ও পৌর সদরের দুই শতাধিক কৃষক ফসল আবাদ করতে না পেরে বেকার হয়ে পড়েছেন।
শুষ্ক মৌসুমে পানি সমস্যার কারণে অনেক নিম্ন আয়ের কৃষক জীবিকার তাড়নায় জমি বিক্রি করে ভূমিহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে, বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা আশেপাশের প্রায় ১০ হাজার বাসিন্দাকে ক্ষতিগ্রস্ত করছে। স্থানীয়রা পানি নিষ্কাশনের সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন।
মীরসরাই সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী পূর্বে পানি নিষ্কাশনের জন্য পাইপলাইন স্থাপন করেছিলেন, কিন্তু তা স্রোতের তুলনায় অপ্রতুল হওয়ায় কার্যকর হয়নি। কৃষকরা জানান, যদি পানি সরবরাহ ব্যবস্থা করা যায়, তবে পরিত্যক্ত জমিতে বোরো ধান, সবজি, মৎস্য চাষ ও ফলজ বাগান করা সম্ভব হবে।
মীর হোসেন নামের এক বাসিন্দা বলেন, "১০০ একর জমি দীর্ঘ ৩০ বছর ধরে জলাবদ্ধতা ও পানি সেচের অভাবে পরিত্যক্ত হয়ে আছে।" কৃষকদের দাবি, মহামায়া লেকের পানি ড্রেনের মাধ্যমে কৃষি জমিতে আনা হলে পুনরায় চাষাবাদের আওতায় আসতে পারে এসব জমি।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, "কৃষকদের দেওয়া আবেদন পেয়েছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।