গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মরণসভা
জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক স্মরণসভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আন্দোলনে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শহীদ আব্দুল্লাহ আল মামুনের বড় বোন তানিয়া আকতার এবং একই উপজেলার শহীদ ইলিম শিকদারের বাবা বেলায়েত হোসেন ও স্ত্রী সোনিয়া। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে এবং প্রফেসর ড. ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে উপস্থিত ছিলেন বশেমুরকৃবির সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
জুলাই-আগস্টে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের স্মৃতিচারণ করেন বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রফেসর ড. আবু আশরাফ খান, প্রফেসর ড. মো. গোলাম রসুল, প্রফেসর ড. মো. রমিজ উদ্দীন মিয়া এবং চারজন শিক্ষার্থী। স্মৃতিচারণের পরে শহীদ দুই পরিবারের হাতে বশেমুরকৃবির পক্ষ থেকে আর্থিক সম্মাননা তুলে দেন উপাচার্য ও ট্রেজারার।
এ সময় উপাচার্য বলেন, আজকের নতুন এ বাংলাদেশ। যাদের মহান আত্মত্যাগে অর্জিত হয়েছে তাদের আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। শহীদদের এ বীরত্বগাথা ইতিহাসের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের অঙ্গীকার। কোনো অপশক্তি যাতে শহীদ ও আহতদের সম্মানকে ভূলুণ্ঠিত করতে না পারে সেদিকেও ছাত্র-সমাজসহ সকলকে সজাগ থাকার আহ্বান জানান উপাচার্য।
আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি উপাচার্য তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানান। স্মরণসভার আলোচনা শেষে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীরা জুলাই-আগস্টে শহীদদের সঙ্গে ঘটনার আদলে গান, কবিতা আবৃত্তি ও অভিনয় মঞ্চস্থ করে দেখান।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।