২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চট্টগ্রামে খাবার পানিতে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে

এগ্রিবার্তা ডেস্ক ২৭ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চট্টগ্রামে খাবার পানিতে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষকরা সম্প্রতি একটি গবেষণায় চট্টগ্রামের বিভিন্ন পাবলিক খাবার পানির উৎসে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত করেছেন। এই গবেষণা যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সেল জার্নাল হেলিয়নের ২২ নম্বর সংখ্যায় প্রকাশিত হয়েছে, যার শিরোনাম "খাবার পানি থেকে সালমোনেলা টাইফি ধারণকারী একাধিক অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জিনের স্ক্রিনিং এবং শনাক্তকরণ: বাংলাদেশে একটি গুরুতর জনস্বাস্থ্য উদ্বেগ"।

গবেষণায় নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক ড. এএম মাসুদুল আজাদ চৌধুরী এবং তার সঙ্গে ছিলেন সহকারী অধ্যাপক সোহানা আক্তার মিনা ও তিন শিক্ষার্থী পবিত্র দেবনাথ, একেএম জাকির হোসেন এবং মো জাহিদ হাসান। তারা চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ১৫০টি খাবার পানির নমুনা সংগ্রহ করেন। পরীক্ষায় দেখা যায়, ৮টি নমুনায় (৫.৩৩%) সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে, যার মধ্যে ৮৭.৫% ছিল মাল্টিড্রাগ প্রতিরোধী।

অধ্যাপক চৌধুরী বলেন, "এটি বাংলাদেশের জন্য মারাত্মক হুমকি, কারণ এই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে।" তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি না হলে অ্যান্টিবায়োটিকের বিস্তার ঘটবে এবং প্রতিরোধী ব্যাকটেরিয়া অনিয়ন্ত্রিত হয়ে যাবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, "অ্যান্টিবায়োটিকের প্রতি ব্যাকটেরিয়ার সংবেদনশীলতা পরীক্ষা করার জন্য এই ধরনের গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" সিএমসির সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আবু সায়ীদ জানান, দূষিত খাবার ও পানি টাইফয়েড জ্বরের সংক্রমণের প্রধান কারণ।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।