২০ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নোয়াখালীতে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা

বাসস ২২ এপ্রিল ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নোয়াখালীতে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা

নোয়াখালী জেলার সদর উপজেলায় আজ এক কৃষকের জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন স্থানীয় ছাত্রলীগ কর্মীরা।

আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়ার ৫৫ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে ও মাড়াই করে দেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মী।

কৃষক জসিম উদ্দিন জানান, শ্রমিকদের বাড়তি মজুরি ও গ্রীষ্মের তাপদাহের কারণে দেশের অন্য জায়গা থেকে শ্রমিকরা এখনো আসা শুরু করেনি। তাই ঝড় বৃষ্টির শংকায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ পরিস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীরা ২৫ শতাংশ জমিতে থাকা ধানগুলো কেটে ও মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। 

কৃষক মাসুদ মিয়া জানান, অনেক পরিশ্রম করে এবার ৩০ শতাংশ জমিতে ধান চাষ করেছেন, খরচও হয়েছে অনেক টাকা। কিন্তু গরমের কারণে শ্রমিকরা কাজ করতে রাজি হচ্ছিল না। ফলে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। এ অবস্থায় কোন প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা ধানগুলো কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

কৃষক জসিম উদ্দিন ও কৃষক মাসুদ মিয়া উভয়েই ধান কেটে ও মাড়াই করে ঘরে তুলে দেওয়ায় স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

স্থানীয় ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলের শ্রমিক সংকটের কারণে যেসব কৃষক পাকা ধান ঘরে তুলতে পারছেন না তাদের ধান কেটে ঘরে তুলে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকদের যেমন উপকার হচ্ছে, তেমনি কৃষকের পাশে দাঁড়াতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে।

নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামছুল হুদা বাপ্পি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকবেন ছাত্রলীগ নেতাকর্মীরা। 

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।