২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

মুরগি ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে

এগ্রিবার্তা ডেস্ক ২১ নভেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
মুরগি ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে

রাজধানীর বাজারে সবজির সরবরাহ বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে, একদিনের ব্যবধানে মুরগি ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও, এখনও তা ক্রেতাদের নাগালের বাইরে রয়ে গেছে। চালের দাম আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

বুধবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্যান্য বাজারে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

শীতকালীন সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপি পাওয়া গেলেও, দাম তুলনামূলকভাবে বেশি। ছোট আকারের একেকটি কপি ৩৫-৪০ টাকা, ছোট লাউ ৪০-৫০ টাকা এবং মাঝারি আকারের লাউ ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ প্রতি কেজি ৯০ টাকা, টমেটো ১২০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, করলা ৬০ টাকা, বরবটি ৭০ টাকা এবং শিম ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, দেশি গাজর ১০০ টাকা এবং চায়না গাজর ১৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিমের বাজারে সাদা ফার্মের ডিম ডজনপ্রতি ১৪০ টাকা এবং লাল ডিম ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। হাঁসের ডিম ডজনপ্রতি ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম ২৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৭০-১৮০ টাকা, সোনালি মুরগি মানভেদে ২৯০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৫২০ থেকে ৫৩০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭০০ টাকা এবং ছাগলের মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বর্তমানে চালের দামও চড়া রয়েছে। মোটা চাল প্রতি কেজি ৫৭ টাকা, মিনিকেট চাল ৭৩ টাকা এবং কাটারি নাজির চাল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।