বেশি দামে ধান বীজ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে অর্থদণ্ড
শেরপুরের ঝিনাইগাতী সদর বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধান বীজ বিক্রির অভিযোগে কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লাকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৫৩(ক) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক এই আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, সিরাজুল হক মোল্লা বেসরকারি কোম্পানি বায়ারের ডিলার হিসেবে এজেড এসটি-৬৪৫৩ জাতের ধান বীজ গুদামজাত করে। কোম্পানি কর্তৃক নির্ধারিত বিক্রয় মূল্য ৬৪০ টাকা হলেও, তিনি দেড় থেকে দুইশত টাকা বেশি দাম দাবি করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তদন্ত শুরু হয়।
এছাড়া, সিরাজুল আদালতকে জানান যে, তার কাছে আর কোনো বীজ নেই। কিন্তু আদালত তার গুদাম ঘরে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার কেজি ধান বীজ মজুদ পায়।
অতএব, তথ্য গোপন রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ধান বীজ বিক্রির জন্য সিরাজুল হক মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে করে সাধারণ কৃষকেরা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিককে ধন্যবাদ জানান।
এ সময় উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক জানিয়েছেন যে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।