২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বরিশালে ছাদে প্লাস্টিক বোতলে ধান চাষ

এগ্রিবার্তা ডেস্ক ১৯ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বরিশালে ছাদে প্লাস্টিক বোতলে ধান চাষ

বরিশাল মহানগরে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস) কর্তৃপক্ষ ছাদের ওপর প্লাস্টিকের বোতলে ধান চাষে সফলতা অর্জন করেছে। তাদের ভবনের ছাদে কালিজিরা জাতের ধানের চাষ করা হয়েছে এবং ফলনও সন্তোষজনক হয়েছে। এই অভিনব উদ্যোগ দেখতে লোকজন ছাদে আসছেন।

ইনমাসের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালক ডা. নাফিসা জাহান (স্বপ্না) জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির অবস্থান। বর্তমানে এখানে উন্নয়নমূলক কাজ চলছে, তাই ছাদে ধান চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। ফেরিওয়ালার কাছ থেকে সংগ্রহ করা ২ ও ৫ লিটারের ৫০০টি প্লাস্টিকের বোতলে ১ কেজি ধানের বীজ রোপণ করা হয়েছে। এতে অতিরিক্ত খরচ হয়নি, বরং নিচের বাগানের বার্ষিক বাজেট থেকেই খরচ করা হয়েছে।

বাগানের পরিচর্যাকারী আনোয়ার হোসেন জানান, উন্নয়নমূলক কাজের কারণে নিচের বাগানের কাজ পরিচালনা সম্ভব ছিল না, তাই ছাদে বাগান করার প্রস্তাব দেওয়া হয়। প্রধান চিকিৎসা কর্মকর্তা সায় দেওয়ার পর বার্ষিক নার্সারির খরচের মধ্যে ধান চাষের উদ্যোগ নেওয়া হয়। তিনি জানান, ছাদের বিভিন্ন বোতলে এখন ধান গাছ হয়ে উঠেছে এবং পরীক্ষামূলক উদ্যোগটি সফল হওয়ায় তিনি আনন্দিত।

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে খরচ ও পরিশ্রম কম হয়েছে এবং পোকামাকড়ের সমস্যা তেমন নেই। তেলের বোতলে ধান চাষ করার ফলে মাটির সঙ্গে পানি ধরে রাখা সম্ভব হচ্ছে।

প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা জানান, প্রধান চিকিৎসা কর্মকর্তা ও পরিচালকের উদ্যোগ এবং মালী আনোয়ার হোসেনের প্রচেষ্টায় এ ধরনের ছাদকৃষি হবে, তা তারা কল্পনাও করেননি। তারা আশা করেন, এই উদ্যোগটি আরও বিস্তৃত হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।