বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি শুরু
শুল্ককর প্রত্যাহার করার পর সোমবার সকালে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই বছরের বিরতির পর এই প্রথম চালের চালানটি তিনটি ট্রাকে এসেছে।
বেনাপোল শুল্কভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, শনিবার মাহাবুবুল আলম ফুড প্রডাক্টের ১০৫ টন এবং রোববার একই প্রতিষ্ঠানের ১০৫ টন ও অর্ক ট্রেডিংয়ের ১০০ টন চালের গেট পাস করা হয়। এর মধ্যে সোমবার বেলা ১১টার দিকে একটি চালানের ১০৫ টন চাল বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।
যশোরের 'মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট' ভারতের পশ্চিমবঙ্গের 'সুধর্ম আয়াতনির্যাত প্রাইভেট লিমিটেড' থেকে প্রথম চালানে ১০৫ টন (এক লাখ ৫ হাজার কেজি) নন বাসমতি চাল আমদানি করেছে। একই প্রতিষ্ঠানের আরো ১০৫ টন চাল আজই বেনাপোল বন্দরে ঢুকতে পারে।
চাল খালাসের দায়িত্বে রয়েছে 'হোসেন অ্যান্ড সন্স' নামের একটি সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট। সিঅ্যান্ডএফ প্রতিনিধিরা জানান, আমদানিকৃত চালের দাম ৪৫ হাজার ১৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৫৪ লাখ ১৮ হাজার টাকার সমান। প্রতি কেজি চালের দাম পড়েছে প্রায় ৫২ টাকা, পরিবহন ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি কেজি দাম দাঁড়াবে ৫৫ টাকার কাছাকাছি।
রোববার খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক পত্রে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তারা ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার টন সিদ্ধ চাল ও এক লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি পেয়েছে। তবে ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ রয়েছে, কারণ আগামী ২২ ডিসেম্বরের মধ্যে সব চাল আমদানি করে বাজারজাত করতে হবে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, ভারত সরকার গত বছরের জুলাই থেকে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং এর আগে নভেম্বর থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। তখন চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়েছিল, ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি সম্ভব হয়নি।
তিনি আরও জানান, এখন পর্যন্ত মাহাবুবুল আলম ফুড প্রডাক্ট ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান প্রথম চালানের জন্য আইপি সার্টিফিকেট গ্রহণ করেনি।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) কাজী রতন বলেন, সোমবার সকাল ১১টার দিকে বেনাপোল বন্দরে ১০৫ টনের একটি চালান প্রবেশ করেছে এবং কাস্টমস থেকে দ্রুত ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।