১০ সপ্তাহ পর ১০ কেজি করে চাল বরাদ্দ পেলেন চা শ্রমিকরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা শ্রমিকরা ১০ সপ্তাহ ধরে বকেয়া মজুরির দাবিতে কাজ বন্ধ রেখে মানবেতর জীবনযাপন করছিলেন। প্রশাসনের উদ্যোগে তাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসকের বিশেষ বরাদ্দকৃত ৬৬.৩২ মেট্রিক টন চাল, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৮টি চা বাগানের ৬ হাজার ৬৩২ জন শ্রমিকের মধ্যে বিতরণ করা হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে মাধবপুর, মদনমোহনপুর ও পাত্রখোলা চা বাগানে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সাবেক চেয়ারম্যান পুষ্প কুমার কানু, বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপক এবং স্থানীয় ইউপি সদস্যরা।
বিভিন্ন চা বাগানে স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। তবে, ভরা মৌসুমে শ্রমিকরা চা পাতা সংগ্রহ না করায় চা উৎপাদন বন্ধ রয়েছে, ফলে ন্যাশনাল টি কোম্পানি মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষের মতে, যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে চা শিল্প ধ্বংসের মুখে পড়তে পারে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, শ্রমিকদের মানবেতর জীবনযাপনের কারণে জেলা প্রশাসকের উদ্যোগে বিশেষ বরাদ্দ চাল বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।