২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

শিবালয়ে জলাবদ্ধতায় কৃষকদের দুর্ভোগ বাড়ছে

এগ্রিবার্তা ডেস্ক ১৮ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শিবালয়ে জলাবদ্ধতায় কৃষকদের দুর্ভোগ বাড়ছে

মানিকগঞ্জের শিবালয়ে টানা বৃষ্টির ফলে সাতশত বিঘা জমির একটি বিশাল ফসলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমিতে তিন থেকে চার ফুট পানি জমে থাকার কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যদি দ্রুত সরকারি উদ্যোগে পানি অপসারণ করা না হয়, তাহলে রবি মৌসুমে সরিষা, ভুট্টা এবং অন্যান্য ফসল চাষ করা সম্ভব হবে না।

স্থানীয় কৃষকরা জানান, কৃষি কাজ করতে না পারলে তারা পরিবারসহ চরম দুর্দশার সম্মুখীন হবেন। তাই তাদের দাবি, দ্রুত পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জমিগুলো চাষাবাদের উপযোগী করা হোক।

তেওতা এলাকায় অন্তত ছয়টি গ্রামের পানি নিষ্কাশনের জন্য ব্রিজ ও কালভার্টের অভাব রয়েছে, যার ফলে বিশাল ফসলের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় সাতশত বিঘা জমিতে চাষাবাদ বন্ধ হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে এখনও পানি আটকে রয়েছে এবং পানি বের হওয়ার পথগুলো পলি মাটিতে ভরাট হয়ে গেছে।

স্থানীয় কৃষক আব্দুল, সেলিম মিয়া, জালাল এবং পলানসহ আরও ১২-১৩ জন কৃষক জানিয়েছেন, তারা এই মাঠে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু এবছর অতিবৃষ্টির কারণে তাদের ফসল আটকে গেছে।

শিবালয় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার বলেন, তিনি জলাবদ্ধতার বিষয়টি জানতেন না। এখন বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনও জানিয়েছেন, জলাবদ্ধতার বিষয়টি তারা জানতেন না এবং কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।