২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

আগুনে পুড়েছে ৩ হাজার ৫০০ মণ পাট

এগ্রিবার্তা ডেস্ক ৯ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
আগুনে পুড়েছে ৩ হাজার ৫০০ মণ পাট

ঠাকুরগাঁওয়ের গোসাইরহাট পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন, এই ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই অগ্নিকাণ্ডে বাদল ট্রেডাস, আব্দুল ট্রেডার্স, সামসুল ট্রেডার্স, সবল ট্রেডমার্ক, ভুট্টার গোডাউন, আলা উদ্দিন ট্রেডার্স ও বিল্লাল ট্রেডাসসহ মোট ১৭টি দোকান ও গোডাউন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় পাট ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গোসাইরহাট বাজারের কাঠপট্টি এলাকায় ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক জানান, তিনি জানেন না আগুন কোথা থেকে লেগেছে। তার দুটি গোডাউনে প্রায় ৫০০ মণ পাট ছিল, যা সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিল্টন মণ্ডল জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এবং তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে।

জেলা প্রশাসক মোহম্মাদ আশরাফ উদ্দিন ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।