পায়রা নদীতে সাড়ে ১৩ কেজির পাঙাশ জালে
পটুয়াখালী পায়রা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি ১৩.৫ কেজির বিশাল পাঙাশ মাছ। স্থানীয় জেলেরা মাছটি নিয়ে পারাগঞ্জের জালাল ফকিরের মৎস্য আড়তে আসলে, তা দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।
সোমবার (৪ নভেম্বর) পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া সংলগ্ন পায়রা নদীতে জেলে রাকিব হাওলাদার ও জিয়াদের জালে মাছটি ধরা পড়ে।
জেলে রাকিব হাওলাদার বলেন, “ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিন আমরা নদীতে মাছ ধরতে পারিনি। তবে গতকাল রাত ১২টার পরে আমরা দুজনে মাছ ধরতে নামি। সোমবার সকালে যখন জাল টানলাম, তখন আমাদের জালে ছয়টি ছোট ইলিশের সঙ্গে এই পাঙাশ মাছটি উঠে।” তিনি আরও জানান, “দশ বছর ধরে এই নদীতে মাছ ধরছি, কিন্তু এত বড় পাঙাশ আগে কখনো ধরা পড়েনি।”
আড়ৎদার জালাল ফকির জানান, মাছটি কিনতে অনেকেই ভিড় করছেন। তিনি বলেন, “স্থানীয়দের দাবি অনুযায়ী, মাছটি কেটে ১০০০ থেকে ১১০০ টাকা কেজিতে বিক্রি করব। যদি তা না হয়, তাহলে আজ ঢাকায় পাঠিয়ে দেব, সেখানে আশা করি ভালো দাম পাব।”
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, “ইলিশ প্রজনন মৌসুমের এই ২২ দিনের সফলতা এখন জেলেরা পাচ্ছেন। নদীতে বর্তমানে বড় ইলিশের পাশাপাশি প্রচুর পরিমাণ পাঙাশ ও অন্যান্য মাছ রয়েছে। শুধু পায়রা নদী নয়, বাংলাদেশের সব নদ-নদীতেই এ ধরনের পাঙাশ পাওয়া যাবে বলে আশা করছি।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।