২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

কৃষির উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করলো বাকৃবি

এগ্রিবার্তা ডেস্ক ৪ নভেম্বর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষির উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করলো বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং কৃষি-শিল্প প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, পাশাপাশি স্ট্রেংথেনিং এগ্রিকালচারাল টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (এসএটিইপি) এর আওতায় কৃষি-শিল্প পরামর্শ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর সকালে বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার ঢাকাস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

প্রকল্পটির লক্ষ্য হলো দেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের গবেষণা এবং মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, জলবায়ু ব্যবস্থাপনা এবং কৃষি বিষয়ক উচ্চশিক্ষা শক্তিশালী করা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) এই প্রকল্পটি অর্থায়ন করবে, এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এটি বাস্তবায়ন করবে।

উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হক ভূঁইয়া বলেন, "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা গত ৬৩ বছর ধরে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণ করে আসছেন, যার ফলস্বরূপ দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।" তিনি আরও যোগ করেন যে, এই প্রকল্পটি দেশের কৃষি খাতে মানবসম্পদ উন্নয়ন এবং আধুনিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের মাধ্যমে আধুনিক ল্যাব স্থাপন করা হবে, যেখানে কৃষি ও কৃষিপ্রধান ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা করার সুযোগ পাবে।

এছাড়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন এবং ইস্পাহানি এগ্রো লিমিটেডের মধ্যে আলাদা আলাদা সমঝোতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।