নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় কৃষি ব্যাংকের এজিএম আটক, বললেন ‘জেলেদের সঙ্গে ঘুরতে গিয়েছি’
চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার শেষ সময়ে ইলিশ ধরার অভিযোগে কৃষি ব্যাংক চাঁদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কাইয়ুম খানসহ ১৪ জন জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
৩ নভেম্বর সোমবার দুপুরে, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন জেলেকে আটক করা হয়, যাদের মধ্যে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানও রয়েছেন।
পুলিশ সুপার জানান, আটককৃতদের নৌকা থেকে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল এবং ১০০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। আটককৃত ১৪ জনের বিরুদ্ধে মৎস্য আইনের আওতায় নিয়মিত মামলা করা হবে।
আটক হওয়া ব্যাংক কর্মকর্তা কাইয়ুম খান কুমিল্লা জেলার বাসিন্দা। মাছ ধরার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি জানতাম না মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে। আমি পরিচিত একজনের নৌকায় গিয়েছিলাম।”
পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, “২২ দিনের অভিযানে ৩৪৬ জেলে গ্রেফতার করা হয়েছে এবং ৭৫ লাখ ৯৭ হাজার মিটার জাল, ২ হাজার ৪৭৯ কেজি মাছ ও ১১৪টি নৌকা জব্দ করা হয়েছে। ২৯টি মোবাইল কোর্টে ১৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।