২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি খাতে ২৩০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা

এগ্রিবার্তা ডেস্ক ২ নভেম্বর ২০২৪ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি খাতে ২৩০০ কোটি টাকার বিনিয়োগ ঘোষণা

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) দেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতের উন্নয়ন, গবেষণা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ করবে। এ লক্ষ্যে তারা পাঁচ বছরের জন্য ‘কৃষিবিষয়ক উচ্চশিক্ষা শক্তিশালীকরণ প্রকল্প (এসএটিপি)’ গ্রহণ করেছে।

আগামী বছর থেকে এই প্রকল্পের কার্যক্রম শুরু হতে পারে এবং এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

৩১ অক্টোবর ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে সাক্ষাতে এডিবির প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যে, তারা কৃষিখাতে নতুন এ প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবেন। সভায় ইউজিসির সদস্য, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হু ইয়ুন জিওং বলেন, এসএটিপি প্রকল্প দেশের খাদ্য ও কৃষিশিল্পকে শক্তিশালী করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরি করবে। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে ইউজিসি ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, এই প্রকল্প দেশের কৃষিখাতে মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জলবায়ু ব্যবস্থাপনা এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে সহায়ক হবে।

এসএটিপি প্রকল্পের অধীনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা অবকাঠামো উন্নয়ন করা হবে। ‘বাংলাদেশ ইনস্ট্রুমেন্টেশন সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ’ নামে একটি উচ্চতর গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে।

আধুনিক ল্যাব প্রতিষ্ঠার পাশাপাশি কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলো এই কেন্দ্র থেকে গবেষণা পরিচালনা করতে পারবে। এছাড়া, প্রকল্পের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, কৃষক এবং কৃষি সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে।

প্রকল্পের আওতায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও জলবায়ু পরিবর্তনের শিক্ষায় যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন করা হবে এবং পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।