২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

কৃষি প্রকল্পে অনিয়ম: দুদকের অনুসন্ধান শুরু

এগ্রিবার্তা ডেস্ক ২ নভেম্বর ২০২৪ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
কৃষি প্রকল্পে অনিয়ম: দুদকের অনুসন্ধান শুরু

কৃষি মন্ত্রণালয়ের অধীনে সেবা সংস্থা ও বহু মাধ্যমভিত্তিক উন্নয়ন যোগাযোগ বিভাগের কৃষি তথ্য সার্ভিসে প্রকল্পের দুর্নীতি ও অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিদিনের সংবাদ। ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন এবং ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজিল হাসানের স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন বিধিমালা-২০০৭ অনুযায়ী কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক ড. সুরজিত সাহা রায়সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুসন্ধান শুরু করা হয়েছে। ১০৯ কোটি টাকার প্রকল্পের আওতায় ২৯ কোটি টাকার ১৩টি প্রেস মেশিন কেনার দরপত্র, দরপত্র শিডিউল, সিডিউল বিক্রির রেজিস্ট্রারসহ অন্যান্য তথ্য প্রদান করতে নির্দেশ দিয়েছে দুদক।

অক্টোবরের শুরুতে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদে কৃষি তথ্য সার্ভিসের আধুনিকায়ন প্রকল্পের বড় ধরনের লুটপাট নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে দুদক আটজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। অভিযুক্তদের মধ্যে সাবেক পরিচালক ড. সুরজিত সাহা রায়, প্রধান তথ্য অফিসার বি এম রাশেদুল আলম, প্রেস ম্যানেজার খন্দকার জান্নাতুল ফেরদাউস, প্রেস শাখার স্টোর কিপার ইসরাত জাহান খান, আরিফুল ইসলাম, প্রদর্শনী বিশেষজ্ঞ সমীরণ বিশ্বাস এবং ইলেকট্রিশিয়ান সোলায়মান অন্তর্ভুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে যে, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তারা প্রকল্প শেষ হওয়ার আগেই কোটি কোটি টাকার মালামাল গায়েব করে ফেলেছেন। তৎকালীন প্রকল্প পরিচালক তাপস কুমারের অনিয়মে কৃষি মন্ত্রণালয়ের বেশ কয়েকজন আওয়ামীপন্থি কর্মকর্তার সংশ্লিষ্টতা রয়েছে। তাপসের শ্বশুরও আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও দুর্নীতির মূল পরিকল্পনাকারী তাপস কুমার সুকৌশলে নিরাপদ স্থানে চলে যান। বদলি করা হয় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুরজিত সাহা রায় এবং আমিনুর ইসলামকে। অভিযুক্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে আছেন।

সূত্র জানিয়েছে, দুর্নীতির মূল পরিকল্পনাকারী সাবেক পরিচালক ড. সুরজিত সাহা রায় এবং আমিনুর ইসলামসহ কিছু কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার প্রক্রিয়া চলছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।