নান্দাইলে ধানের ক্ষতি: কৃষক দিশেহারা
ময়মনসিংহের নান্দাইলে চলতি রোপা আমন ফসল ইঁদুর ও পোকার আক্রমণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষকরা একাধিকবার বিভিন্ন জাতের কীটনাশক ব্যবহার করেও ফলপ্রসূতা পাচ্ছেন না, ফলে তারা হতাশ হয়ে পড়েছেন। অনেক কৃষক এখন তাদের সোনালী ফসলের কাঙ্ক্ষিত ফলনের আশা ছেড়ে দিয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, প্রতি বিঘায় ধান চাষে যে খরচ হয়েছে, তার সমপরিমাণ ধানও ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন। জানা গেছে, নান্দাইলে এ বছর ২২,৪১০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ করা হয়েছে। গত বছরও প্রায় একই পরিমাণ জমিতে চাষ হয়েছিল, কিন্তু অক্টোবরে একদিনের টানা বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়, যার কারণে ৫ শতাংশ জমির ধানও ঘরে তুলতে পারেনি তারা।
নান্দাইল সদর এলাকার কৃষক কাজল মিয়া বলেন, “আমার ৩০ শতক জমির ধানে তিনবার ১,২০০ টাকা করে কীটনাশক দিয়েছি, তবুও পোকার আক্রমণ রোধ করতে পারছি না। গত বছর বন্যায় কিছুই ঘরে তুলতে পারিনি এবং এবার ইঁদুর ও পোকার কারণে আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
সাভার গ্রামের কৃষক আ. মানাচ্ছ বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত জমি থেকে মরা ধান তুলতে গিয়ে ভাবছি, কী করব? গত বছর বন্যায় ক্ষতি হয়েছিল, এবার পোকা ও ইঁদুরের কারণে সমস্যা।”
বর্গাচাষী কৃষক অলি উল্লাহ জানান, “দুইবার কীটনাশক প্রয়োগ করেছি কিন্তু কাজ হচ্ছে না। অর্থের অভাবে আর দিতে পারছি না। পোকায় ধানের গোড়ায় পচন ধরছে এবং এখন আমি ধান গরুকে খাওয়াচ্ছি।”
এ বিষয়ে নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, “আমি কিছুদিনের জন্য প্রশিক্ষণে আছি। মাঠকর্মীদের দিয়ে টিম গঠন করা হয়েছে এবং তাদের খোঁজ-খবর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও সমস্যা হলে আমাকে জানাতে বলবেন।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।