পোল্ট্রি খাবার তৈরির কারখানায় ভয়াবহ আগুন
বগুড়ার শেরপুর উপজেলায় আলাল গ্রুপের মুরগি ও মাছের খাবার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত পৌনে একটার দিকে কারখানার গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে। শেরপুরসহ পার্শ্ববর্তী চার উপজেলার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
‘আলাল পোলট্রি অ্যান্ড ফিশ ফিড লিমিটেড’ নামের এই কারখানাটি কুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা এলাকায় অবস্থিত। আগুনে কারখানার অধিকাংশ অংশ পুড়ে গেছে, যার ফলে বিভিন্ন যন্ত্রপাতি, কাঁচামাল এবং উৎপাদিত পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তারা নিশ্চিত নয়। রাত পৌনে একটার দিকে আগুন জ্বলতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
কারখানার হিসাব বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মামুনুর রশিদ বলেন, আগুনে ক্ষতির পরিমাণ অন্তত ৪৭ কোটি টাকা। এই কারখানা সারা দেশে খাদ্য সরবরাহ করে থাকে।
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়। তারা তদন্ত টিম গঠনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আরও বলেন, শেরপুর, ধুনট, শাজাহানপুর ও বগুড়ার ফায়ার সার্ভিসের ইউনিটগুলো পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নতুন করে আগুন জ্বলে উঠতে না পারে সেজন্য ঘটনাস্থলে অবস্থান করছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।