১২ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

পদ্মার এক কাতল বিক্রি হলো ৫৭,৫০০ টাকায়

এগ্রি বার্তা প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ৬ বার পঠিত
শেয়ার করুন:

রাজবাড়ীতে পদ্মা নদী থেকে ধরা ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, প্রতিদিনের মতো দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝামাঝি এলাকায় নদীতে জাল ফেলেন জেলে লুৎফর রহমান ওরফে লুৎফর হালদার। কিছুক্ষণ পর জালে বড় ধরনের ঝাঁকি অনুভব করেন তিনি। দ্রুত জাল টেনে তুলতেই বিশাল আকৃতির কাতল মাছটি পাওয়া যায়।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটে রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

কেজিপ্রতি দুই হাজার ৪০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ টাকায় ২৩ কেজি ওজনের মাছটি কেনেন তিনি।

চান্দু মোল্লা জানান, ভোরে মাছটি ধরা পড়ার পরপরই জেলে লুৎফর হালদার তাকে মুঠোফোনে বিষয়টি জানান। আড়ত থেকে মাছটি কেনার পর তিনি এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবং দেশ-বিদেশে থাকা পরিচিত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন।

একপর্যায়ে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী কেজিপ্রতি ১০০ টাকা লাভ দিয়ে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন। (ইউএনবি)

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।