২ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার সেই তিন মাছ

এগ্রি বার্তা প্রতিবেদক ২ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ১৬ বার পঠিত
শেয়ার করুন:
১ লাখ ৫৯ হাজারে বিক্রি হলো পদ্মার সেই তিন মাছ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জেলের জালে ধরা পড়েছে দুটি বড় কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছ তিনটির মোট ওজন ৭২ কেজি। এক প্রবাসী মাছ তিনটি ১ লাখ ৫৯ হাজার টাকা দিয়ে কিনে নেন। সোমবার (২ নভেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর জেলে সেকেন সরদারের জালে মাছ তিনটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ঘাটের শিপন মণ্ডলের মৎস্য আড়তে মাছগুলো এনে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা গেছে, সেকেন সরদার তার জেলেদের নিয়ে সোমবার সকালে পদ্মা নদীতে মাছ শিকারে যান। অনেকক্ষণ পর জাল তুলতেই দেখতে পান জালে আটকা পড়েছে দুটি বড় আকৃতির কাতল ও একটি বাঘাইড় মাছ। মাছগুলো শিপন মণ্ডলের মৎস্য আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, বাঘাইড়টির ওজন ২৫ কেজি এবং একটি কাতলের ওজন ২৫ কেজি ও অপর কাতলটির ওজন ২২ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে তিনি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের কাতলটি ৫৭ হাজার ৫০০ টাকায় এবং ২২ কেজি ওজনের কাতলটি ৫০ হাজার ৬০০ টাকা দিয়ে কিনে নেন। এ ছাড়া ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার টাকা দিয়ে কেনেন। সব মিলিয়ে মাছ তিনটি কিনতে তার খরচ হয় ১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা। 

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।