উদ্যোক্তা হতে চান নেত্রকোনার ৫ হাজার ৩৫১ তরুণ
তরুণ উদ্যোক্তা হওয়ার আগ্রহ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন করেছেন নেত্রকোনার ৫ হাজার ৩৫১ জন। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেওয়া এ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন এসেছে নেত্রকোনা জেলা থেকে।
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ : উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র প্রাথমিক পর্যায়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। কর্মসূচির আওতায় তরুণদের উদ্যোক্তা হওয়ার আগ্রহকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে রংপুরে, ২ হাজার ৭৪৫টি। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি এবং ফেনীতে ১ হাজার ২৬১টি আবেদন জমা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আট বিভাগের আটটি নির্বাচিত জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হয়। আগ্রহী তরুণরা সংশ্লিষ্ট উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন। প্রাথমিক পর্যায়ের আবেদন গ্রহণ শেষে এবার দেশের অবশিষ্ট ৫৬ জেলায় কর্মসূচিটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় তা জমা দিতে হবে। আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর জারি করা হয়। নীতিমালা অনুযায়ী, সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের মাধ্যমে তাঁদের উদ্যোগ বিকাশে সহায়তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবনী উদ্যোগের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কর্মসূচিটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ প্রতিদিন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।