বাংলাদেশে টমেটো রপ্তানিতে ধস, কাঁদছেন ভারতীয় চাষিরা
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টমেটো বাজার বলে দাবি করা হয় কর্ণাটকের কোলারকে। সেখান থেকে প্রয়োজনীয় এই খাদ্যপণ্যটি পৌঁছে যায় বাংলাদেশ, ইন্দোনেশিয়াসহ ভারতের অন্যান্য বাজারগুলোতে। কিন্তু বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার জেরে রপ্তানিতে ধস নামায় চরম বিপাকে পড়েছেন কোলারের টমেটো চাষিরা। ফসল বিক্রি করে লাভ হওয়া তো দূর, এখন খরচ ওঠানোই কঠিন হয়ে গেছে তাদের জন্য।
কোলারের চাষিরা সিএনএন-নিউজ১৮’কে জানিয়েছেন, অঞ্চলটিতে রপ্তানিযোগ্য টমেটোর দাম একলাফে ৬০ শতাংশ কমে গেছে। ১৫ থেকে ২০ কেজি ওজনের একেক বাক্স টমেটো আগে ১১শ-১২শ রুপিতে বিক্রি হতো। সেটি এখন স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪৫০-৫০০ রুপিতে।
স্থানীয় এক চাষি বলেন, কোলার থেকে প্রতিদিন প্রায় ৪০টি ট্রাকে করে টমেটো যেতো বাংলাদেশে। প্রতিটি ট্রাকে প্রায় ৯০০ বাক্স টমেটো থাকতো। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা শুরু হলে সেই সংখ্যা ২০-এ নেমে আসে এবং গত এক সপ্তাহ ধরে প্রায় সব চালান বন্ধ রয়েছে।
তিনি বলেন, আমরা এখন রাস্তার পাশের বাজারগুলোতে টমেটো বিক্রি করতে বাধ্য হচ্ছি। এটি আমাদের জীবিকার ব্যাপার।
বাংলাদেশে টমেটো রপ্তানি করেন এমন আরেক চাষি ও ব্যবসায়ী শেখ সেলিম। তিনি জানান, সাধারণত এসব রপ্তানিযোগ্য টমেটো আন্তর্জাতিক বাজারে বিক্রি করলে কেজিপ্রতি ৩৫ রুপি পাওয়া যায়। কিন্তু এখন অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মতো বাজারগুলোতে মাত্র আট থেকে ১০ রুপি কেজিতে বিক্রি করতে হচ্ছে।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।