রংপুরে টানা বৃষ্টিতে পানির নিচে ফসল, চাষিরা দিশেহারা
রংপুরে টানা বৃষ্টিতে গ্রীষ্মকালীন শাকসবজির মাঠ এখন হাঁটুসমান পানিতে ডুবে আছে। ক্ষেতের জমে থাকা পানি না সরাতে পারলে পচে যাচ্ছে ফসল, আর এতে মাথায় হাত পড়েছে কৃষকদের।
রংপুর সদরের সদ্যপুস্কুরনী ইউনিয়ন ও মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের প্রায় ৫০ হেক্টর জমি দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে। করলা, ঝিঙে, চিচিঙ্গা—সব ধরনের সবজির ক্ষেতেই এখন ভরা পানি। কৃষকদের আশঙ্কা, যেসব জমি এখনো পানিতে ডুবে আছে, সেগুলোর প্রায় ৭০ ভাগ ফসল নষ্ট হয়ে যাবে।
চাষি আজিজুল ইসলাম জানান, তিনি দুই বিঘা জমিতে চিচিঙ্গা চাষ করেছেন। এখন সেই জমির পুরোটাই পানির নিচে। তিনি দিনরাত খেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলেও ফল মিলছে না, ফসল পচে যাওয়ার শঙ্কা বাড়ছে।
কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন যত দ্রুত সম্ভব জমি থেকে পানি সরিয়ে ফেলা হয়। মিঠাপুকুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসফিকুর রহমান বলেন, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ফসল বাঁচানো কঠিন হয়ে যাবে।”
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে এখন পর্যন্ত রংপুর জেলার ১০০ হেক্টরেরও বেশি সবজির ক্ষতি হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।