ঝিনাইগাতীতে কম্বাইন হারভেস্টারে ধান কর্তনের উদ্বোধন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সমলয় পদ্ধতিতে চাষাবাদের আওতায় বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) উপজেলার কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, অন্যান্য সরকারি কর্মকর্তা, স্থানীয় কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৫০ জন উপকারভোগী কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে ধান চাষের জন্য প্রদর্শনী প্লট স্থাপন করা হয়। এই উদ্যোগে প্রত্যেক কৃষককে উন্নত জাতের ধানের বীজের পাশাপাশি ২ টন ডিএপি, ২.৫ টন এমওপি এবং ৪.৫ টন ইউরিয়া সার সরবরাহ করা হয়।
প্রযুক্তিনির্ভর এই চাষে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে বীজতলা প্রস্তুতের জন্য ৪,৫০০টি সিডলিং ট্রে ব্যবহার করা হয় এবং চারা রোপণের সময় নির্ধারিত হয় ২৮ থেকে ৩০ দিন বয়সে। এরপর প্লটে যান্ত্রিকভাবে চারা রোপণ করা হয়। প্রায় চার মাস পর চাষকৃত ধান কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, “সমলয় পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে কৃষিতে যান্ত্রিকীকরণ বাড়িয়ে কৃষকের উৎপাদন খরচ হ্রাস করা এবং উৎপাদনকে সময় ও শ্রম সাশ্রয়ী করা।” তিনি আরও জানান, এই পদ্ধতিতে বিঘাপ্রতি ৩৫–৪০ মন পর্যন্ত ধান উৎপাদন সম্ভব হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই প্রদর্শনীর সফলতা আশপাশের কৃষকদেরও যন্ত্র ব্যবহারে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ধান চাষ আরও লাভজনক হবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।