২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এগ্রিবার্তা ডেস্ক ১২ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
শেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও একজন আহত হয়েছেন। রোববার (১১ মে) সন্ধ্যায় উপজেলার আন্ধারুপাড়া গ্রামে ধান কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষি শ্রমিকের নাম খবির উদ্দীন (৪৫)। তিনি নালিতাবাড়ীর কাপাশিয়া এলাকার বাসিন্দা এবং জালাল উদ্দীনের পুত্র। আহত ব্যক্তি হলেন একই এলাকার জামাল উদ্দীনের ছেলে সকুল উদ্দীন (২০)। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রউফ এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে কাপাশিয়া এলাকা থেকে ১২ জন কৃষি শ্রমিক আন্ধারুপাড়ায় ধান কাটতে আসেন। বিকেল থেকে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে শ্রমিকরা দ্রুত কাটা ধানের আটি খেত থেকে রাস্তার পাশে তুলছিলেন। ঠিক সে সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান খবির উদ্দীন এবং আহত হন সকুল উদ্দীন।

আহতকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কৃষিজীবীরা জানান, বজ্রপাত এখন গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।