২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ

এগ্রিবার্তা ডেস্ক ১০ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নওগাঁয় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩২ মণ চাল জব্দ

নওগাঁর রাণীনগর উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত ২৯ হাজার ৩১০ কেজি (প্রায় ৭৩২ মণ) সরকারি চাল অবৈধভাবে মজুত অবস্থায় জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে জব্দকৃত চাল বর্তমানে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুটি গোডাউনে অভিযান চালান। অভিযানে ওই দুটি গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার করা হয়। সঙ্গে পাওয়া গেছে খাদ্যবান্ধব কর্মসূচির বস্তাও, যা চালগুলোর সরকারি উৎসের প্রমাণ হিসেবে কাজ করছে।

সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান বলেন, “সরকারি চাল ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কেউ তা অবৈধভাবে মজুত করেছে—এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করি। দুটি গোডাউন থেকে মোট ২৯ হাজার ৩১০ কেজি চাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় কোনো মালিক বা দায়ী ব্যক্তিকে পাওয়া যায়নি।” তিনি আরও জানান, জব্দকৃত চালগুলো নিরাপদে উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই অভিযানে উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, রাণীনগর থানা পুলিশসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।