২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সারাদেশে শুরু হলো মাত্র ২৫ টাকায় ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার কার্যক্রম

এগ্রিবার্তা ডেস্ক ৮ মে ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সারাদেশে শুরু হলো মাত্র ২৫ টাকায় ভ্রাম্যমাণ মাটি পরীক্ষার কার্যক্রম

বাংলাদেশের ৬৪ জেলায় শুরু হয়েছে মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা কার্যক্রম, যা চলবে আগামী ৫ জুন ২০২৫ পর্যন্ত। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকেরা মাত্র ২৫ টাকায় মাটি পরীক্ষা করাতে পারবেন ভ্রাম্যমাণ পরীক্ষাগারের (মোবাইল ল্যাব) মাধ্যমে।

সোমবার (৫ মে) রাজধানীর খামারবাড়িতে এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. সামিয়া সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, “সঠিক মাটি বিশ্লেষণের মাধ্যমে জৈব সার ব্যবহারের হার বাড়বে, কেমিক্যাল সার কমবে এবং উৎপাদন বাড়বে।” তিনি চরাঞ্চলে স্থায়ী ফলদ বৃক্ষ রোপণ এবং পতিত জমির তথ্য সংগ্রহের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এই উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দিয়ে তাদের জমির মাটি পরীক্ষা করা হবে। সে অনুযায়ী মোট ৩,২০০ কৃষকের মাটি পরীক্ষা করা হবে। এতে সহায়তা করছে ১০টি মোবাইল ল্যাব গাড়ি, যা সারাদেশে কাজ করছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. আনিসুর রহমান বলেন, “মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করলে ২০–২৫ শতাংশ কম সার লাগে, এবং সমপরিমাণ ফলন বাড়ে।” তিনি জানান, সারভর্তুকি বাবদ সরকার প্রতিবছর প্রায় ২৬ হাজার কোটি টাকা ব্যয় করে, অথচ সঠিক মাটি বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে বছরে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব।

বর্তমানে দেশে ২৪টি স্থায়ী ল্যাব রয়েছে, যেখানে মাত্র ৫০ টাকায় সারাবছর মাটি পরীক্ষা করা যায়। এছাড়া রবি ও খরিফ মৌসুমে দুইবার মোবাইল ভ্যানের মাধ্যমে সেবা পৌঁছে দেওয়া হয়।

এদিন সকালে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (২০২৪–২৫) এর আওতায় চরাঞ্চলভিত্তিক আঞ্চলিক কর্মশালাও অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় চাষিদের আগাম ফসল ও বাজারদর সম্পর্কে সচেতন করার তাগিদ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।