আড়াই টন সরকারি সার বেচে দিলেন কৃষি কর্মকর্তা
চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ সরকারি প্রণোদনার সার বিক্রির অভিযোগ উঠেছে এক উপসহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা রাকিব উদ্দীনের বিরুদ্ধে আড়াই মেট্রিক টন সার বিক্রির অভিযোগ ওঠে। সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মহাডাঙ্গা এলাকার একটি দোকান ও বাড়ি থেকে এসব সার উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১ মৌসুমে সদর উপজেলার ৬,৫০০ জন কৃষককে সরকারি প্রণোদনার আওতায় ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। ইউনিয়নভিত্তিক চলমান এই বিতরণ কার্যক্রমে শাহজাহানপুর ইউনিয়নের কৃষকদের জন্য বরাদ্দ আড়াই টন সার গোপনে বিক্রি করে দেন অভিযুক্ত রাকিব উদ্দীন।
উক্ত সার মহাডাঙ্গা এলাকার সার ব্যবসায়ী সাইফুল ইসলামের দোকানে বিক্রি করা হয়। দোকান থেকে জব্দের সময় তার ছেলে আব্দুর রাকিব দাবি করেন, ‘আমরা বুঝে পাইনি যে এটা প্রণোদনার সার। জানলে কখনো কিনতাম না।’
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযুক্ত রাকিব উদ্দীন একজন নিরপেক্ষ বিতরণকারীর স্বাক্ষর জাল করে এসব সার উত্তোলন করেন। জব্দ করা সার বর্তমানে কৃষি অফিসের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সার-বীজ প্রণোদনা বিতরণ কমিটির সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন বলেন, “এর আগেও একই উপজেলায় এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল। তাই আমি গোপনে নজরদারি চালিয়ে তথ্য পাই। এরপর সার জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।”
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, “আমি রাজশাহীতে আছি, তবে ঘটনাটি শুনেছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।