বাজারে দাম বেড়েছে ডিম ও সোনালি মুরগির
বাজারে সরবরাহ কম ও চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে ডিম ও সোনালি মুরগির। গত পাঁচ দিনের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত আর সোনালি মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা পর্যন্ত।
রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিলো ১১৫ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম ২০ টাকা বেড়েছে। তবে প্রতি ডজন ১০ টাকা কমে বিক্রি হচ্ছে সাদা ডিম। অন্যদিকে সোনালি মুরগির দাম প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে হয়েছে ৪০০ টাকা।
ডিমের দাম বেশী হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, বাজারে ডিমের সরবরাহে স্বল্পতা রয়েছে।
বাংলাদেশ এগ প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সভাপতি তাহের আহমেদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, মূলত উৎপাদন ব্যাহত হওয়ার কারণে ডিমের দাম বেড়েছে। বাজারে ডিমের সরবরাহ কম থাকলে বাজার এমনিতেই বাড়তি থাকে। খামারিরা উৎপাদনে ফিরতে পারলে ডিমের দাম আবার কমে আসবে।
কৃষি বিপণন অধিদপ্তর ১৫ মার্চ যে ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছিলো, তাতে একটি ডিমের খুচরা দাম নির্ধারণ করা হয় ১০ টাকা ৪৯ পয়সা। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গতকালের বাজারদর অনুযায়ী, প্রতি হালি ডিমের দাম ছিল ৪০ থেকে ৪২ টাকা।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।