২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

এগ্রিবার্তা ডেস্ক ১ মে ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

আনন্দ, আবেগ ও নতুন সম্ভাবনার প্রত্যাশা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বুধবার (৩০ এপ্রিল) উদযাপিত হলো “গ্র্যাজুয়েশন ডে ২০২৫”। সকাল ১০টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য এ দিনের সূচনা হয়।

উৎসবমুখর এই আয়োজনে গাকৃবির উইন্টার ২০২৩ টার্মের চারটি প্রোগ্রামের শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের গৌরব লাভ করেন। বিএস (কৃষি) প্রোগ্রামের ১৬তম ব্যাচ, বিএস (ফিশারিজ) এর ১২তম ব্যাচ, বিএস (কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন) এর ৮ম ব্যাচ এবং ডিভিএম প্রোগ্রামের ৯ম ব্যাচসহ মোট ৩১৩ জন শিক্ষার্থী এই দিনটিকে জীবনের এক নতুন অধ্যায়ের সূচনায় পরিণত করেন।

সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এক বর্ণিল শোভাযাত্রা বের হয়, যা প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

পরবর্তীতে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজন করা হয় একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. সফিউল ইসলাম আফ্রাদ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন। এরপর সংশ্লিষ্ট চারটি অনুষদের ডিনবৃন্দ ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল উপাচার্যের কাছে উপস্থাপন করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।