গরমে সুস্থ থাকতে খাবেন যেসব সবজি
প্রচণ্ড গরমে ক্লান্তি, পানিশূন্যতা ও হজমের সমস্যা বাড়ছে। এই সময়ে চিকিৎসক ও পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন—খাদ্য তালিকায় হালকা, জলীয় উপাদানসমৃদ্ধ সবজি রাখলে শরীর ঠাণ্ডা ও সতেজ থাকবে। চলুন জেনে নিই, গ্রীষ্মকালে কোন সবজি খাওয়া শরীরের জন্য সবচেয়ে উপকারী:
- লাউ: গরমের সময় লাউ অন্যতম জনপ্রিয় ও উপকারী সবজি। এতে থাকা প্রচুর জলীয় উপাদান শরীরকে শীতল রাখে এবং হজমে সহায়তা করে।
- উচ্ছে ও করলা: তেতো স্বাদের হলেও উচ্ছে ও করলা অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ। এগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা বাড়িয়ে হজমশক্তি উন্নত করে।
- ঝিঙা: ফাইবার ও জলীয় উপাদানে ভরপুর এই সবজি হজমে সহায়ক। কচি মাছের সাথে রান্না করলে এটি হয়ে ওঠে দারুণ সুস্বাদু ও পুষ্টিকর।
- শসা: সারা বছরই শসা শরীর ঠাণ্ডা রাখতে কার্যকর। এতে থাকা সিলিকা উপাদান শরীর ডিটক্স করে এবং ত্বককে রাখে উজ্জ্বল ও সতেজ।
- চালকুমড়া: লাউয়ের মতো চালকুমড়াও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পানিশূন্যতা রোধে সহায়তা করে।
- চিচিঙ্গা: গ্রীষ্মকালীন এই সবজি অতিরিক্ত গরমের কুপ্রভাব থেকে শরীরকে রক্ষা করে এবং দেয় সতেজ অনুভূতি।
- ঢ্যাঁড়স: ভিটামিন সি ও ফাইবারে সমৃদ্ধ ঢ্যাঁড়স শরীরকে শীতল রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
গরমের দিনে অতিরিক্ত তেল-ঝালযুক্ত ভারী খাবার এড়িয়ে এসব মৌসুমি হালকা সবজি বেশি খাওয়ার অভ্যাস গড়ুন। এতে শরীর থাকবে হালকা, সতেজ এবং রোগ-ব্যাধি থেকেও দূরে থাকা যাবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।