চাঁদপুরে কৃষকদের নিয়ে ‘কৃষি কথা’ প্রামাণ্যচিত্র প্রদর্শন
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা, অর্থাৎ ‘কৃষি সংস্কার’ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘কৃষি কথা’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত হয় এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। আয়োজনে প্রধান অতিথি ও উদ্বোধকের দায়িত্বে ছিলেন স্থানীয় কৃষকরাই। সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী হাবিবুর রহমান।
প্রামাণ্যচিত্রে বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করার ধারণা ফুটিয়ে তোলা হয়। এতে স্থানীয় কৃষকদের পাশাপাশি দেশের নাট্যজগতের বিভিন্ন শিল্পীরাও অভিনয়ে অংশ নেন।
অনুষ্ঠানে প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, “দীর্ঘদিন পর দেশে ফিরে আমি তারেক রহমানের ৩১ দফার মধ্যে কৃষি সংস্কার বিষয়টি দেখে অনুপ্রাণিত হই। ছোটবেলা থেকেই কৃষক হওয়ার ইচ্ছে ছিল, যদিও তা পূরণ হয়নি; তবে কৃষকদের জন্য কিছু করতে পেরে গর্বিত বোধ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা কৃষকদের নানা সমস্যা, প্রশ্ন এবং কৃষিখাতের উন্নয়নে সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।
সন্ধ্যার মিষ্টি আলোয় সাচার এলাকার কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণভরে উপভোগ করেন এই ব্যতিক্রমী আয়োজন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।