খানসামায় বিষমুক্ত সবজি চাষে সফল কৃষক নুরুল
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের ২১ বছর বয়সী তরুণ কৃষক নুরুল ইসলাম বিষমুক্ত ও স্বাস্থ্যসম্মত সবজি চাষে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের পরিশ্রম ও আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় তিনি আজ উপজেলার কৃষকদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছেন।
নুরুল ইসলামের বাবা নজরুল ইসলাম একজন কৃষক। বাবার কৃষিকাজের ওপর ভরসা করে নুরুল ইসলাম এইচএসসি পাশ করেন। এরপর দু’বছর ধরে বিভিন্ন এনজিও ও সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করলেও কোনো চাকরিতে যোগ দিতে পারেননি। শেষ পর্যন্ত নিজেকে সফল কৃষক হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ হন তিনি।
পরিবারের বড় সন্তান নুরুলের ছোট ভাই রুবেল দশম শ্রেণিতে এবং বোন রেবেকা আখতার সপ্তম শ্রেণিতে পড়ছে। ভাই-বোনের পড়ালেখার খরচ চালানো এবং তাদের প্রতিষ্ঠিত করার স্বপ্নও তিনি বয়ে নিয়ে চলেছেন।
কৃষিতে সফল হওয়ার লক্ষ্যে নুরুল ইসলাম পার্টনার প্রকল্প থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করেন। এরপর চলতি রবি ও গ্রীষ্মকালীন মৌসুমে ৩০ শতাংশ জমিতে বায়ো-পদ্ধতিতে চিচিঙ্গা চাষ শুরু করেন। কীটনাশকমুক্ত চাষাবাদের ফলে তার উৎপাদিত সবজি স্থানীয় বাজারে ব্যাপক সাড়া ফেলে।
তিনি জানান, পার্টনার প্রকল্পের অধীনে বায়োপেস্টিসাইড, ফেরোমন ট্র্যাপ ও আঠালো ফাঁদ ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত চিচিঙ্গা উৎপাদন করেছেন। গত এক বছরে এভাবে সবজি বিক্রি করে প্রায় এক লাখ টাকা আয় করেছেন। নুরুল বলেন, "প্রশিক্ষণ ও কৃষি কর্মকর্তাদের নিয়মিত পরামর্শে ভালো ফলন পেয়েছি। এখন অনেকে আমাকে দেখে বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হচ্ছেন।"
খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার জানান, পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত কৃষি পদ্ধতি ছড়িয়ে দিতে তারা কাজ করছেন। তরুণ নুরুল ইসলামের সফলতা উপজেলায় নিরাপদ খাদ্য ও টেকসই কৃষির দৃষ্টান্ত তৈরি করেছে। তিনি আরও বলেন, “নুরুল ইসলামের উদাহরণ দেখে এখন এলাকার অনেক তরুণ-যুবক আধুনিক কৃষিতে ঝুঁকছে এবং বিষমুক্ত সবজি চাষে আগ্রহী হচ্ছে।”
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।