২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হাকালুকি হাওরে বোরো ধান কাটার উৎসব

এগ্রিবার্তা ডেস্ক ২০ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হাকালুকি হাওরে বোরো ধান কাটার উৎসব

হাকালুকি হাওরের বুকে এখন শুধুই কৃষকের পদচারণা। মৌলভীবাজার জেলার কুলাউড়া, বড়লেখা ও জুড়ি এবং সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে থাকা হাওরজুড়ে চলছে বোরো ধান কাটার উৎসব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরের মাঠ যেন সোনালি ধানে ঢেকে গেছে, আর তার মাঝে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।

এই হাওরের কৃষকরাই বলেন, আবহাওয়া এবার একদম অনুকূলে ছিল। সময়মতো চাষাবাদ হওয়ায় ফলনও হয়েছে ভালো। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মাঠে ছুটছেন তারা—কেউ কাটছেন ধান, কেউ মাড়াই করছেন, আবার কেউ গরুর গাড়ি বা ট্রলিতে করে ঘরে তুলছেন ফসল।

ভাটেরা ইউনিয়নের কৃষক আলী হোসেন বলেন, “এই হাওরেই সব। আল্লাহর রহমতে ধান ভালো হয়েছে। যদি ভালো দাম পাই, খরচও মিটবে। তবে সরকার যদি আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করত, কাজটা আরও সহজ হতো।”

জুড়ি উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান জানান, “এ বছর জুড়িতে ৯,০১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে এবং ফলনও ভালো।”

জেলার বিভিন্ন কৃষি অফিস সূত্রে জানা গেছে, শুধু মৌলভীবাজার জেলাতেই এবছর বোরো ধান চাষ হয়েছে প্রায় ৬২,১৪০ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে গড়ে চার মেট্রিক টন উৎপাদনের আশা করা হচ্ছে। মোট চাল উৎপাদন দাঁড়াতে পারে প্রায় ২,৪৮,৫৬০ মেট্রিক টন।

জেলা কৃষি কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, “ধান কাটার মৌসুমে কৃষকদের জন্য ১৭১টি আধুনিক ধান কাটার মেশিন চালু রয়েছে। সরকারের পক্ষ থেকে মাঠ পর্যায়ে পরামর্শ, প্রযুক্তি ও সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।”

তবে সব এলাকায় এখনও ধান কাটা হচ্ছে হাতে ও ঐতিহ্যবাহী কৌশলে। তবু কিছু কিছু জায়গায় আধুনিক যন্ত্রের ছোঁয়ায় কাজের গতি বেড়েছে, শ্রম ও সময় বেঁচেছে কৃষকের।

সরজমিনে দেখা গেছে, ধান কাটা শুধু আর একটি কৃষিকাজ নয়—এটি হাওরবাসীর বেঁচে থাকার অবলম্বন। এই ফসল দিয়েই চলে পরিবারের খরচ, সন্তানের পড়াশোনা, এমনকি ভবিষ্যতের স্বপ্নও গড়ে তোলেন তারা। আত্মীয়স্বজন, প্রতিবেশীদের সহায়তায় দল বেঁধে ধান কাটেন কৃষকেরা—এই মিলেমিশে কাজ করার সংস্কৃতি গড়ে তুলেছে হাওরের এক অনন্য সামাজিক ঐতিহ্য।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।