বালিয়াডাঙ্গীতে প্রথমবার চাষ হচ্ছে বিষমুক্ত আম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে 'উত্তম কৃষি চর্চা' বা GAP (Good Agricultural Practices) পদ্ধতিতে বিষমুক্ত আম চাষ। বিশ্বব্যাংকের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় এই আধুনিক ও নিরাপদ পদ্ধতির যাত্রা শুরু হয় বড় পলাশবাড়ী ইউনিয়নের কৃষক আবু বেলালের বাগান থেকে।
আবু বেলাল তার এক একর জমিতে আম্রপালি ও বানানা ম্যাঙ্গো জাতের আমের গাছ চাষ করছেন। তিনি জানালেন, “আগে প্রচুর পরিমাণে স্প্রে ব্যবহার করতে হতো, যা ছিল সময় ও খরচসাপেক্ষ। এখন সেক্স ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, ফল ব্যাগিং ও নিরাপদ বালাইনাশক ব্যবহার করায় কোনো স্প্রে দিতে হচ্ছে না। পরিবারকে খাওয়ানোর মতো বিষমুক্ত আম ফলাতে পারছি—এটাই সবচেয়ে বড় আনন্দ।”
কৃষি কর্মকর্তাদের মতে, এই পদ্ধতিতে কীটনাশকের ব্যবহার প্রায় শূন্যে নামিয়ে আনা সম্ভব হচ্ছে। বাগান ঘিরে রাখা হচ্ছে জাল দিয়ে, যাতে বাইরের দূষণ থেকেও গাছ ও ফল সুরক্ষিত থাকে। নিয়মিত বাগান পরিদর্শনে আসছেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেলসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা।
তিনি বলেন, “GAP পদ্ধতি আন্তর্জাতিক মানের একটি নিরাপদ কৃষি চর্চা, যা কৃষকদের উৎপাদন বাড়াবে, খরচ কমাবে এবং বাজারে রপ্তানিযোগ্য বিষমুক্ত ফল সরবরাহে সহায়তা করবে। এটি টেকসই কৃষির পথে এক বড় পদক্ষেপ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, “আমাদের বাজারে নিরাপদ ও স্প্রেমুক্ত আম পাওয়া কঠিন। আমরা এটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং কৃষি বিভাগকে সঙ্গে নিয়ে সফল বাস্তবায়নের জন্য কাজ করছি।”
এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে বালিয়াডাঙ্গীর অনেক কৃষকই এই পদ্ধতিতে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।